অনলাইন ডেস্ক : আপাতদৃষ্টিতে ভিক্ষাজিবী এক মহিলা। সঙ্গে শিশু সন্তান নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করলেও এই মহিলার আসল কারবার মাদক বিক্রি। সোমবার শিলচর পুলিশ শহরের ফাটক বাজার কালীবাড়ি রোডে মাদক বিক্রির সময় হাতেনাতে পাকড়াও করে আসিয়া বেগম লস্কর (৩০)নামে এই মহিলাকে।
আসিয়া মধুরবন্দ এলাকার বাসিন্দা। সোমবার দুপুর আড়াইটা নাগাদ কালিবাড়ি রোডে মাদক বিক্রির সময় পুলিশ তাকে পাকড়াও করে। তার কাছে পাওয়া গেছে ৪০ টি এম্পুলে ভরা ১৮ গ্রাম হেরোইন ও নগদ ১৪০০ টাকা ।পুলিশের এক সূত্র জানান,ভিক্ষাজিবীর ভেক ধরে শহরের বিভিন্ন স্থানে এক মহিলার মাদক বিক্রির
কথা বিভিন্ন সূত্রে কিছুদিন ধরে তাদের কানে এলেও মহিলাকে সনাক্ত করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত সোমবার দুপুরে তাকে জালে পোরা সম্ভব হয়।পুলিশের সূত্রটি জানান, তাকে যাতে সহজে সনাক্ত করা সম্ভব না হয় এর জন্য আসিয়া ভিক্ষাজিবীর ভেক ধরেছিল। তার এই ভিক্ষাজিবীর ভেক আরো বিশ্বাসযোগ্য করে তুলতে সঙ্গে নিয়ে ঘুরত শিশুসন্তানকে। তার পেছনে, বড় মাপের কোনও মাদকের কারবারি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সে কোথা থেকে মাদক নিয়ে আসতো এ নিয়ে তথ্য বের করতে বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।






