অনলাইন ডেস্ক : আসছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শিলচর হবে দাবা নগরী। যৌথভাবে দুই দুইটা মেগা দাবার আসরের আয়োজন করছে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং শিলচর চেস অ্যাকাডেমি। ৪ জুলাই হবে তৃতীয় প্রশান্ত বিশ্বাস মেমোরিয়াল ওপেন ফিডে রেটিং রেপিড চেস টুর্নামেন্ট। পরের দিন অর্থাৎ ৫ জুলাই হবে তুলসী মিশ্র স্মৃতি ওপেন ফিডে রেটিং ব্লিৎজ দাবা প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতাকেই আকর্ষণীয় করতে আর্থিক পুরস্কারের প্রাচুর্য রাখা হয়েছে। ৪ জুলাই প্রশান্ত বিশ্বাস মেমোরিয়াল প্রতিযোগিতার উদ্বোধন হবে সকাল ১০টায়। ওইদিনই সন্ধ্যা ৬ টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরের দিন সকাল ১০ টায় সূচনা হবে তুলসী মিশ্র স্মৃতি দাবা প্রতিযোগিতার। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপন হবে মেগা ইভেন্টের। প্রশান্ত বিশ্বাস স্মৃতি দাবায় প্রথম ২৫ জন স্থানাধিকারী পাবেন আর্থিক পুরস্কার। এক লক্ষ টাকার পুরস্কার মূল্যের মধ্যে প্রথম তিন স্থানাধিকারী পাবেন যথাক্রমে ১৫ হাজার, ১১ হাজার ও ৯ হাজার। বিভিন্ন বয়স গ্রুপের মধ্যে আছে অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫। বয়স গ্রুপের প্রতিযোগিতায় প্রথম ছয়জন কে পুরস্কৃত করা হবে।
পরের দিন তুলসী মিশ্র স্মৃতি দাবায় প্রথম পনেরো স্থানাধিকারীকে প্রাইজমানি দেওয়া হবে। এরমধ্যে প্রথম তিনজন পাবেন ট্রফির সঙ্গে যথাক্রমে সাড়ে সাত হাজার, ছয় হাজার ও পাঁচ হাজার। সোনাই রোডের মা দুর্গা বিবাহ ভবনে প্রতিযোগিতার আসর বসবে। প্রতিযোগিতায় নাম লেখানো যাবে ৩০ জুন পর্যন্ত।





