অনলাইন ডেস্ক : শিলচর চিরুকান্দি এলাকায় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-এর পেছনদিকে খোলা মাঠ থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। আনুমানিক বছর ৪০-এর ওই যুবককে সোমবার সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।ওই যুবককে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে ওই যুবককে ওই যুবককে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন আশপাশ এলাকার বাসিন্দারা। যুবকটির মাথায় ছিল আঘাতের চিহ্ন। যুবকটিকে খুন করা হয়েছে বলেই মনে করছে পুলিশ। এদিন ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটা খুন বলে প্রায় নিশ্চিত হলেও পুলিশ এই মুহূর্তে এনিয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র জানান,বর্তমানে যুবকটির পরিচয় জানার জন্য খোঁজখবর চালানো হচ্ছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা জানা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, যে খোলা মাঠে মৃতদেহ পড়েছিল সেখানে প্রতিদিনই মাদকাসক্তরা আসর বসিয়ে থাকে। এদের মধ্যে থাকে অনেক দুষ্কৃতীও। এধরনের কোনও আড্ডায় ঘটনাটা ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর অনুমান।





