অনলাইন ডেস্ক : শিলচর চিরুকান্দি এলাকার খোলা মাঠ থেকে সোমবার উদ্ধার হওয়া মৃত যুবককে সনাক্ত করলেন পরিবারের লোকেরা। বাপি দাস (৩০)নামে এই যুবক ছিলেন চিরুকান্দির অদূরবর্তী শিশু মন্দির রোডের বাসিন্দা। বাপিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে তার পত্নী মনসা দাসকে। পুলিশের সন্দেহ,এই ঘটনার পেছনে থাকতে পারে পরকীয়া প্রেমজনিত বিবাদ।
সোমবার মৃতদেহ উদ্ধারের পর বাপিকে কেউই শনাক্ত করতে পারেননি। পরবর্তীতে তার পরিজনরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার মৃতদেহ সনাক্ত করেন। জানা গেছে,বাপি কখনও যানবাহনের চালক কখনোও বা দিনমজুরের কাজ করতেন।মাঝে কিছুদিন কাজের সূত্রে ছিলেন বেঙ্গালুরুতেও। খবর অনুযায়ী,বাপির ২ শিশুসন্তানের সঙ্গে কথা বলে পুলিশ খুনের ঘটনার সঙ্গে মনসার সংযোগ থাকতে পারে বলে আঁচ করে তাকে আটক করে। এই ঘটনায় ন্যাশনাল হাইওয়ে এলাকার সানলিট হাসপাতাল সংলগ্ন গলির বাসিন্দা জয়দেব দাস এবং অন্য দুজনকে সন্দেহ করা হচ্ছে। বাপীর পরিজনরা জানিয়েছেন,জয়দেবের সঙ্গে মনসার বিশেষ সম্পর্ক রয়েছে বলে এলাকায় অনেকদিন ধরে কানাঘুষা ছিল । রবিবার রাতে জয়দেবরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল বাপিকে। জয়দেব বর্তমানে পলাতক ।





