অনলাইন ডেস্ক : শহরের ইটখোলাঘাট এলাকায় দলবদ্ধভাবে হামলা চালানো হলো আবুব মজুমদার ওরফে আবু নামে এক ঠিকাদারের বাড়িতে। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা আশপাশ এলাকার বাসিন্দা। তারা বলাবলি করছিল কয়েকজনকে নাকি বাংলাদেশি বলে গালিগালাজ করার পাশাপাশি নিগৃহীত করেছেন আবুব। এর জেরেই দলবদ্ধভাবে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, আবূবকে বাড়ির সামনে পেয়ে তাকে মারধর শুরু করেন কিছু লোক। এর সঙ্গে অবৈধ ব্যবসার সঙ্গে তিনি যুক্ত বলে অভিযোগ এনে চলতে থাকে গালিগালাজ। আবুব কোনক্রমে মার মুখী লোকেদের হাত ছাড়িয়ে সরে যেতে সক্ষম হলেও তার দুই সঙ্গী বেশ মার খেয়েছেন। মারধরের মাঝে বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথরও। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর আশপাশের ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো বিরাজ করছে তীব্র উত্তেজনা।
জানা গেছে পুলিশ আবুব সহ অন্য একজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। ঘটনা নিয়ে আবুবের ভাইয়ের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়ে ওঠেনি।





