অনলাইন ডেস্ক : শিশুকে মারধরের প্রতিবাদ করতে গিয়েছিলেন তার ঠাকুমা। এতে ওই বৃদ্ধাকেও গালিগালাজ করা সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ হয়নি, এরপর অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকেও হত্যার হুমকি দেওয়া হয় পুরো পরিবারের লোককে। ঘটনা শিলচর থানা এলাকার ছোটদুধপাতিল গ্রান্ট প্রথম খন্ডের।
ঘটনা নিয়ে এলাকার বাসিন্দা রবীন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন শুক্রবার। এজাহারে তিনি অভিযুক্ত করেছেন প্রতিবেশী গুরুপদ বিশ্বাস, শ্রীপদ নারায়ণ বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস ও নারায়ণ বিশ্বাসকে। এজাহারে রবীন্দ্র উল্লেখ করেছেন গত ৩ সেপ্টেম্বর বেলা ১১ টা নাগাদ তার ৯ বছরের ছেলে রূপক বিশ্বাস পাশের বাড়ির অমর সরকারের ছেলের সঙ্গে ওই বাড়িতে খেলাধুলা করছিল।তখন হঠাৎ করে গুরুপদ বিশ্বাস রূপককে হাত ধরে টেনে মাটিতে ফেলে দেন।এরপর চড়-থাপ্পড় মারেন।মার খেয়ে রূপক বাড়িতে চলে আসে।মারের চোটে কিছুক্ষণ পর তার জ্বর এসে যায়।এই অবস্থায়
রূপকের ঠাকুমা সুপ্রভা বিশ্বাস মারপিটের কারণ জিজ্ঞেস করতে গুরুপদদের বাড়ির দিকে রওয়ানা হলে গুরুপদ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ প্রাণনাশের হুমকি দেন।
এসব ঘটনাক্রমের পর বৃহস্পতিবার রাতে হঠাৎ গুরুপদ সহ অন্যান্য অভিযুক্তরা দা, লাঠি ইত্যাদি নিয়ে রবীন্দ্রর বাড়িতে চড়াও হন।বাড়ির লোকেদের বাইরে বের হওয়ার জন্য বললে কেউ অবশ্য ভয়ে বের হননি।তখন গুরুপদরা রবীন্দ্রর পরিবারের সবাইকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ দিয়ে প্রাণনাশের হুমকি দেন।
এভাবে অভিযোগ এনে রবীন্দ্র এজাহার দায়ের করার পর পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।তবে এপর্যন্ত ধরপাকড়ের কোন খবর নেই।





