অনলাইন ডেস্ক : শিলচর মেডিক্যাল কলেজে দুষ্কৃতী হামলা। সেখানকার ডায়ালাইসিস সেন্টারে হামলার ঘটনাটি ঘটেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ডায়ালাইসিস সেন্টারটি। রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের ডায়ালাইসিস মেশিন, বেড, কম্পিউটারসহ প্রায় সবকিছু চুরমার করে দেয়।সোমবার সকালে ডায়ালাইসিস করার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন। মোট ১৫টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। এতে দূর দূরান্ত থেকে আসা গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর ঘুংঘুর আউট পোস্টে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে। কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত-ও অন্তর্ঘাতের আশঙ্কা করছেন।






