অনলাইন ডেস্ক : বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণ করছিল দুই যুবক। এতে মহিলার স্বামী প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়। শুক্রবার রাতে শিলচর ক্লাব রোডের এক হোটেলে ঘটে এই ঘটনা। পুলিশ ইতমধ্যে অভিযুক্ত দুই যুবক সৌমিত্র দাস ও অভিজিৎ রায়কে গ্রেফতার করেছে। সৌমিত্র কালী বাড়ি চর এবং অভিজিৎ রংপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই হোটেলে বিয়ের পার্টিতে আমন্ত্রিত হিসেবে গিয়েছিল সৌমিত্র ও অভিজিৎ। মহিলা এবং তার স্বামীও পার্টিতে যোগ দিয়েছিলেন আমন্ত্রিত হিসেবে। সৌমিত্ররা পার্টি চলাকালীন মহিলার সঙ্গে অভব্য আচরণ শুরু করে বলে অভিযোগ। তাদের আচরণ মাত্রা ছাড়িয়ে যেতে দেখে মহিলার স্বামী এর প্রতিবাদ জানান। এতে সৌমিত্র ও অভিজিৎ উল্টে ক্ষেপে গিয়ে মহিলার স্বামীকে মারধর করে। তখন পার্টিতে থাকা অন্যান্য লোকেরা সৌমিত্র ও অভিজিতকে পাকড়াও করে আটকে রাখেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ হোটেলে গিয়ে দুজনকে ধরে নিয়ে যায়।
শনিবার সৌমিত্র ও অভিজিৎকে পুলিশ আদালতে পেশ করে। আদালতের নির্দেশে দুজনকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে।




