অনলাইন ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে উধারবন্দে গো-হারা হেরেছে কংগ্রেস। চার জেলা পরিষদের মধ্যে একটিতেও জিততে পারেনি প্রধান বিরোধী দল। ২২টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে একমাত্র মুসলিম অধ্যুষিত গোসাইপুরে বিজয়ী হন দলের প্রার্থী। এই চরম ভরাডুবির পরও কংগ্রেসের সংগঠনে এর কোনও প্রভাব পড়েনি। এবার নতুন করে সংগঠনেই মহা সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যা সৃষ্টি হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা উধারবন্দের পাঁচবারের বিধায়ক অজিত সিংকে কেন্দ্র করে। ইতোমধ্যে ব্লক কংগ্রেসের এক উপসভাপতির সঙ্গে তাঁর বিবাদের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতেই দলের অন্দরের ক্ষত প্রকাশ্যে এসে পড়েছে। অডিও ক্লিপ এবং একটি সূত্রে জানা গেছে, গত সোমবার মণ্ডল কংগ্রেস সভাপতিদের নিয়ে কুম্ভায় এক বৈঠকে বসেছিলেন অজিত সিং এবং ব্লক সভাপতি সন্দীপন নন্দী। সেখানে উধারবন্দ ব্লক কংগ্রেস উপসভাপতি আব্দুল হক লস্করকে কোনও বিষয়ে একটু চড়া সুরে শাসিয়ে দেন অজিত। এ ঘটনায় আব্দুলও উত্তেজিত হয়ে পাল্টা জবাব দেন। অহেতুক তাঁকে কেন এভাবে গালিগালাজ করা হচ্ছে, তার জবাব চান তিনি। সেই সঙ্গে রাগের বশে সভা থেকে বেরিয়ে যান তিনি। পরে ব্লক কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে এনিয়ে সতীর্থদের কাছে বিচারপ্রার্থী হন আব্দুল হক। নিজের বক্তব্য রেকর্ড করে তা একাধিক গ্রুপে ছেড়ে দেন তিনি। অডিও ক্লিপে তিনি বলেছেন, সেদিনের সভায় অজিত রংপুর জিপির প্রাক্তন এপি সদস্য মনসুর হোসেন বড়লস্কর, ইকবাল হোসেন তালুকদার নামের দুই কর্মী এবং তাঁর নাম ধরে বলেছেন যে তাদের জন্যই দলের অনেক ক্ষতি হচ্ছে। তবে মঙ্গলবার রাতে বাঘেরকোণায় আব্দুলের বাড়িতে গিয়ে ব্লক সভাপতি সন্দীপন, উপসভাপতি ললিত গোয়ালা এবং প্রদীপ তাঁতিরা বিষয়টি সমাধান করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। কিন্তু বিষয়টির উত্তাপ একটুও কমেনি। ঘটনাটি উধারবন্দের কংগ্রেস মহলে দাবানলের মত ছড়িয়ে পড়ে। কারণ, কংগ্রেসের সবকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আব্দুল বিষয়টি জানিয়ে দেওয়ায় তা ভাইরাল হতে সময় লাগেনি। প্রতিপক্ষ বিজেপির কাছেও অডিও রেকর্ডটি পৌঁছে যায়। আসলে ব্লক কংগ্রেস সভাপতি পদ থেকে পুলক রায়কে সরিয়ে দেওয়ার পর যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা দূর করতে এযাবৎ ব্যর্থ অজিত সিং। মনে করা হচ্ছে, এরই প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে। কিন্তু গোটা ঘটনায় জেলা কংগ্রেস এখনও সম্পূর্ণ অন্ধকারে। শিলচর জেলা কমিটির সিনিয়র উপ সভাপতি সীমান্ত ভট্টাচার্য বুধবার বলেছেন, উধারবন্দের ঘটনা সম্পর্কে তাঁর কাছে কোনও খবর নেই। তাই গোটা পরিস্থিতি এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।




