অনলাইন ডেস্ক : অবশেষে স্বস্তি পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। এত দিন ধরে চিন্তায় ছিলেন তাঁরা। ভারতে কোথায় ফুটবল বিশ্বকাপ দেখা যাবে, বোঝা যাচ্ছিল না। অবশেষে সেই চিন্তা মিটল। বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে জানা গেল সম্প্রচারকারী চ্যানেলের নাম। জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার। সোমবার এই কথা জানিয়েছে জ়ি এন্টারটেনমেন্ট। চার বছরের জন্য চুক্তি হয়েছে। অর্থাৎ, শুধু এ বারের ফুটবল বিশ্বকাপ নয়, ২০২৭ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপ, ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ-সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে তারা। জ়ি এন্টারটেনমেন্ট জানিয়েছে, সম্প্রতি তারা চারটি চ্যানেল চালু করেছে। সেগুলি হল— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জ়ি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকেরা।




