অনলাইন ডেস্ক : স্ত্রীকে কুয়োয় ফেলে হত্যার অভিযোগ স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। থানায় মামলা, গ্রেফতার স্বামী। এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিন্নাকান্দি খালকুড়ি গ্রামের প্রয়াত রামু গোয়ালার পুত্র রঞ্জিত গোয়ালা (৩২) ২০২২ সালে সামাজিক ভাবে বিয়ে করেন রিতু গোয়ালা নামের মহিলাকে। রিতু গোয়ালার পিতা রামপতি গোয়ালা, বাড়ি বাঁশকান্দি বাদ্রিবস্তির নাগাপুন্জিতে। বিয়ের কিছুদিন পর থেকে জামাই রঞ্জিত গোয়ালা যৌতুক দাবি করে প্রায়ই রিতু গোয়ালার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তার জ্যাঠা শ্বশুর মতিলাল গোয়ালা। তিনি বলেন প্রায়ই মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত রিতুকে। বিচার সভা করে কিছু টাকা পয়সা দিয়ে সমাধান করা হয়ে থাকে। এরমধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয়।বর্তমানে শিশুটির বয়স দেড়বছর। কিন্তু স্বভাব বদলায়নি রঞ্জিত গোয়ালার। সে আবার ভিডিপি সেক্রেটারি এবং মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে অনেক প্রভাব খাটায়। প্রায়ই হুমকি দিত সে রিতুকে মেরে ফেলবে, কেউ কিছু করতে পারবেনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত গোয়ালা তার শ্বশুর রামপতি গোয়ালা কে ফোন করে জানায় রিতু গোয়ালা নাকি বাড়ির কুয়োয় পড়ে গেছে।স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করছেন। রাতে তিনি গিয়ে দেখেন মৃত রিতু গোয়ালাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত রিতু গোয়ালার পিতা রামপতি গোয়ালা তার কন্যা কে হত্যার সন্দেহ করে লক্ষীপুর থানায় জানান। লক্ষীপুর পুলিশ ঘুংঘুর আউট পোষ্টে জানায়। শুক্রবার রামপতি গোয়ালা মেয়ের জামাই রঞ্জিত গোয়ালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত করে লক্ষীপুর থানায় মামলা দায়ের করেন।এতে উল্লেখ করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে রিতু গোয়ালাকে খুন করা হয়েছে। তাকে খুন করে কুয়োয় ফেলে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃত রিতু গোয়ালার গলায় জখম রয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। তাদের একটাই ধারণা রিতু কে খুন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। শুক্রবার বিকেলে মৃতের স্বামী রঞ্জিত গোয়ালা কে মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ।




