অনলাইন ডেস্ক : দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো শিলচর শহরের মালুগ্রাম এলাকায়। পুলিশ ফাঁড়ি থেকে ২০০ মিটার দূরত্বে প্রবীণ চিকিৎসক সঞ্জীব শিকদারের বাড়িতে এই চুরির ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের।
মালুগ্রাম পুলিশ ফাঁড়ির একেবারে কাছে মেলা রোড বাইলেন-৩ এ সঞ্জীববাবুর বাড়ি। সঞ্জীব বাবু জানিয়েছেন, সোমবার রাতে বাড়িতে ছিলেন শুধু তিনি ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষিকা তাঁর পত্নী। গভীর রাতে ঘুমন্ত পত্নীর গলা থেকে কেউ একজন সোনার হার ছিনিয়ে নেয়।তখন তারা আওয়াজ পেয়ে জেগে যান। যদিও যারা চুরি করতে এসেছিল তাদের দেখা যায়নি। জাগার পর তাদের নজরে পড়ে,ঘরে থাকা ২ টি স্টিলের আলমারি ভাঙ্গা। আলমারিগুলো থেকে হাতিয়ে নেওয়া হয়েছে নগদ প্রায় ৪০-৫০ হাজার টাকা ও কিছু স্বর্নালঙ্কার। সঞ্জীব বাবুর হিসেব অনুযায়ী নগদ ৪০-৫০ হাজার টাকার সঙ্গে চুরি হয়েছে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার। তিনি জানান, ঘরের বাথরুমের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে চোরের দল। তাদের দেখতে না পেলেও পরবর্তীতে পাশের বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চোরেরা ছিল সংখ্যায় ৩ জন। এই ৩ চোর দেওয়াল টপকে বাড়িতে ঢোকার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে।
পুলিশ সঞ্জীববাবুর বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত চালায়। যদিও এ পর্যন্ত কেউ ধরা পড়ার খবর নেই।





