অনলাইন ডেস্ক : ফের বদরপুর থানা এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলে নিহত এক তরুণ যুবক। বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা বাদেউত্তর (মাছলি) গ্রামের বাসিন্দা কুতুব আলী উরফে খলু মিয়ার বছর ছাব্বিশের ছেলে হেলাল উদ্দিন ট্রিপার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।ট্রিপারের ধাক্কায় আবারও যুবকের প্রাণহানির ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে সাধারণ জনগণের মাঝে। স্থানীয় সূত্রে জানা গেছে বাদেউত্তর (মাছলি) গ্রামের বাসিন্দা কুতুব আলীর ( খলু মিয়া) বছর ছাব্বিশের ছেলে হেলাল উদ্দিন বদরপুর থেকে এএস ০১ জিবি ৩১৪৫ নম্বরের স্কুটিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।মঙ্গলবার ইফতারের পাক মুহূর্তে বিকেল ৫.১৫ টায় ভারতমালা জিরো পয়েন্ট মালুয়া ,পূর্ব কান্দিগ্রাম আটা মিলের (ফ্লাওয়ার মিল) সম্মুখে জাতীয় সড়কে স্কুটি নিয়ে পৌঁছালে শ্রী ভূমি থেকে বদরপুর অভিমোখ টিআর ০৫ জে ১৯০০ নম্বরের অপর ট্রিপার গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্কুটিতে থাকা হেলাল উদ্দিন সড়কের উপর ছিটকে পড়ে যায় আর ট্রিপারের চাকা তার উপর দিয়ে চলে যায়।জাতীয় সড়কে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় হেলাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের দাবি জাতীয় সড়কের ভয়াবহ অবস্থা, অবৈধ পার্কিং এবং বেপরোয়া গতি এসব কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। খবর পেয়ে তড়িঘড়ি মালুয়া পিআইসিপির ইনচার্জ দলবল নিয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া বদরপুর অগ্নি নির্বাপক বাহিনীও এসে উপস্থিত হয়। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে । অগ্নি নির্বাপক বাহিনী জল ছিটিয়ে জাতীয় সড়ক পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করে দেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি থানার হেফাজতে নিয়ে এসেছে এবং ঘটনার তদন্ত আরম্ভ করেছে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আবারও প্রাণহানির ঘটনায় গোটা বদরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






