অনলাইন ডেস্ক : প্রেমে ব্যর্থতার জেরে এক যুবতী চরম সিদ্ধান্ত নিতে গিয়ে বুধবার পড়ন্ত বিকেলে কাটিগড়ায় বরাক নদীতে ঝাঁপ দেন। যুবতীর বাড়ি কাটিগড়া এলাকার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।কাটিগড়া–বদরপুর সংযোগী বরাক নদীর উপর অবস্থিত রেল সেতু থেকে তিনি সরাসরি নদীর জলে ঝাঁপ দেন। ঘটনাটি এদিন বিকাল আনুমানিক চারটার সময় সংঘটিত হয়। স্থানীয় মানুষের নজরে আসতেই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয় এবং নদীর জল থেকেই যুবতীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটিগড়া অগ্নিনির্বাপক বাহিনী ও কাটিগড়া পুলিশ। উদ্ধার হওয়া যুবতীকে তৎক্ষণাৎ কাটিগড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবতী নিজেই প্রেমে ব্যর্থতার কারণে এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা স্বীকার করেছেন। ঘটনার পর কাটিগড়া পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে যুবতীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।






