অনলাইন ডেস্ক : হাতিখাল বাজার এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এবার মর্মান্তিক পরিণতি। সংঘর্ষে গুরুতর আহত দশম শ্রেণীর নাবালিকা ছাত্রী বুধবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। খবরে প্রকাশ, সংঘর্ষে আহতদের মধ্যে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাতেখাল বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুরুষ-মহিলা মিলিয়ে অন্তত ১২ জন আহত হন। আকস্মিক ও দলবদ্ধ হামলায় নাবালিকা স্কুলছাত্রীসহ একাধিক ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছিলেন। সে ঘটনায় আজ মেডিকেলে ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাতিখাল বাজার এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়ায়। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কচুদরম থানা পুলিশ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং টহল জোরদার করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।






