অনলাইন ডেস্ক : শিলচর মেডিক্যাল কলেজের হাসপাতাল ভবনের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল যুবককে। অরিজিৎ মহাপাত্র ওরফে পল নামে এই যুবক এ অঞ্চলের একজন প্রথমা সারির ক্রিকেটার। অরিজিৎ বর্তমানে সঙ্গীন অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আকবর হোসেন নামে এক যুবককে। আকবর মেডিকেল মোড় এলাকার বাসিন্দা।
ঘটনা ঘটে রবিবার রাত ১২টা নাগাদ। অরিজিতের পরিবার মেডিকেলের এক আবাসনের বাসিন্দা। তার ঘনিষ্টরা জানিয়েছেন রবিবার রাতে অরিজিৎ এনআইটিতে জুবিন গর্গের স্মরণ সভায় যোগ দিয়েছিলেন। ফেরার সময় মেডিকেল চত্বরে কয়েকজন দুষ্কৃতি তাকে পাকড়াও করে ছিনতাই এর চেষ্টা চালায়। বাধা দিলে মারপিট করতে থাকে। নিজেকে বাঁচাতে অরিজিৎ দৌড়ে হাসপাতাল ভবনে ঢুকে দ্বিতলে উঠলে দুষ্কৃতীরা পিছু ধাওয়া করে সেখানে তাকে পাকড়াও করে ফের মারধর করতে থাকে। এরপর তার সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে একসময় ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়।
অরিজিতের ঘনিষ্ঠরা আরো জানিয়েছেন, মারপিট করেছে মেডিক্যাল সহ আশপাশ এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে থাকা দুষ্কৃতীরা। মেডিকেলে দালালিতেও জড়িত এদের কয়েকজন।এই দুষ্কৃতীদের নেতৃত্বে রয়েছে ঘুঙ্গুর এলাকার এনামুল হক নামে এক যুবক। এনামুল ও তার সঙ্গীরা মেডিকেলে রোগী নিয়ে আসা লোকেদের পাকড়াও করে লুটপাটও চালিয়ে থাকে।
এই ঘটনাকে ঘিরে মেডিকেল চত্বরে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে আকবর হোসেন নামে একজনকে পাকড়াও করার পর অন্যদেরও খোজ চালানো হচ্ছে।





